"প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার করণীয়সমূহ"
ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা ৷ এতে প্রতিটি বিষয়ে আলোচনা করা হয়েছে ৷ দ্বীনের প্রতিটি বিধান পালনের ক্ষেত্রে রয়েছে অন্যতম কিছু শর্ত এবং কিছু রয়েছে আদব ৷ তাই, দ্বীনের বিধান পালনের ক্ষেত্রে শর্ত ও আদবসমূহ পালন করা একান্ত দায়িত্ব ৷ নিম্নে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কিছু করণীয় তুলে ধরা হল—
১) বার্থরুমে প্রবেশের পূর্বে দোয়া পাঠ করা— "আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল খুবছি ওয়াল খাবায়িছ" ৷
হজরত আনাস (রা:) বর্ণনা করেন, রাসূল(স:) টয়লেটে প্রবেশের সময় বলতেন ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল খুবুছি ওয়াল খাবায়িছ ৷’
অর্থ: ‘হে আল্লাহ! নিশ্চয়ই আমি আপনার কাছে পুরুষ ও নারী শয়তানের অনিষ্ট তথা ক্ষতি থেকে আশ্রয় চাই ।’ (বুখারী: ১৪২; মুসলিম: ৩৭৫)
হজরত আলি ইবনু আবি তালিব (রা:) বর্ণনা করেন, আল্লাহর রাসূল(স:) বলেছেন, টয়লেটে ঢোকার সময় জিনের চোখ ও আদম সন্তানের গোপনীয় অঙ্গসমূহের মধ্যে অন্তরাল সৃষ্টি করতে চাইলে, বলতে হবে- ‘বিসমিল্লাহি’
অর্থ: আল্লাহর নামে । (তিরমিজী)
২) বাম পা দিয়ে প্রবেশ করা ৷ রাসূল(স:) টয়লেটে প্রবেশের সময় বাম পা দিয়ে প্রবেশ করার নির্দেশ দিয়েছেন ৷ (আবু দাউদ: ৩২)
৩) কিবলাকে সামনে কিংবা পেছনে না রাখা ৷ রাসূল(সা:) ইরশাদ করেছেন, তোমরা প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে কেবলাকে সামনে বা পেছনে দিয়ে বসবে না ৷ (আবু দাউদ: ০৭)
৪) বসে হাজত সারা ৷ অপারগতা ছাড়া দাঁড়িয়ে প্রস্রাব করা মাকরুহ ৷ এতে প্রস্রাবের ছিটা গায়ে লাগার প্রবল আশঙ্কা থাকে ৷ (তিরমিজি: ১২; মুসনাদে আহমদ: ১৯৫৫৫)
৫) নিজের বাঁ পায়ের উপর ভর দিয়ে হাজত সারা ৷ এতে মল বের হওয়া সহজ ৷ (সুনানে কুবরা লিল বায়হাকি: ৪৬৬; মজমাউজ জাওয়ায়েদ: ১০২০)
৬) অযথা গান, কথা বা শব্দ না করা ৷ (আবু দাউদ: ১৪)
৭) সালাম দেওয়া ও নেওয়া থেকে বিরত থাকা ৷ (সহিহ মুসলিম)
৮) মাথা ঢেকে রাখা (সম্ভব হলে টুপি পরিধান করা) ৷ ওয়াশরুমে প্রবেশের সময় মাথা ঢেকে রাখা ৷ (বায়হাকি: ৪৫৬, ৪৬৪)
৯. জুতা (স্যান্ডেল) পরিধান করে যাওয়া ৷ (তাবাকাতে ইবনে সা'আদ: ১৮৫; কানজুল উম্মাল: ১৭৮৭২)
১০) অপ্রয়োজনে লজ্জা স্থানের দিকে না তাকানো ৷
১১) মুখে কুরআন পাঠ বা যিকির না করা এবং সাথে কোনো কুরআন বা হাদিসের অংশ থাকলে তা বাহিরে রেখে যাওয়া ৷ (সহিহ মুসলিম: ৫৫৫)
১২) ঢিলা-কুলুখ ব্যবহার করা এবং ব্যবহারের পর পানি ব্যবহার করা ৷ রাসূল(স:) তিনটি ঢিলা ব্যবহারের নির্দেশ দিতেন এবং গোবর ও হাড্ডি দ্বারা ঢিলা করা থেকে বারণ করতেন ৷
(সহিহ ইবনে খুযাইমা: ৮৩; আবু দাউদ: ০৭; বাইহাকি: ৫১৭)
১৩) বাম হাত দ্বারা সৌচকার্য করা ৷ রাসূল(স:) বলেছেন, ডান হাত দিয়ে শৌচকার্য সম্পাদন করবে না । (সহিহ বুখারি: ১৫৪)
১৪) উত্তমভাবে পবিত্রতা অর্জন করা ৷ হাদিসে এসেছে— হজরত ইবনে আব্বাস (রা.) বর্ণনা করেন, একবার নবীজি (সা.) দুটি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় মন্তব্য করলেন, এই কবরবাসীদের শাস্তি দেয়া হচ্ছে, অথচ তাদের কোনো বড় কাজের জন্য শাস্তি দেয়া হচ্ছে না ৷ তাদের একজন চোগলখোরি করত, অন্যজন মূত্র ত্যাগের পর পুরোপুরি পবিত্র হতো না ৷ (সহিহ বুখারি ও সহিহ মুসলিম)
১৫) সন্দেহ না হওয়ার জন্য কাপড়ে সামান্য পানি ছিটানো উত্তম ৷
১৬) ডান পা দিয়ে বের হওয়া (আবু দাউদ: ৩২)
১৭) বের হওয়ার পর দু'য়া পাঠ করা—"আলহামদুলিল্লাহি-ল্লাযি আযহাবা আন্নিল-আযা ওয়া'আফানি অথবা গুফরা'নাকা" ৷ হজরত আয়েশা (রা:) বর্ণনা করেন, আল্লাহর রাসুল(স:) বাথরুম থেকে বের হওয়ার সময় বলতেন- ‘গুফরা'নাকা ।’ অর্থ: (হে আল্লাহ!) আপনার কাছে ক্ষমা চাই ৷ (আবু দাউদ: ৩০; ইবনে মাজাহ: ৩০১; তিরমিজী: ৩৫৯)
১৮) খোলা স্থানে হলে, জনসম্মুখ থেকে একটু দূরে গিয়ে হাজত সারা ৷ (আবু দাউদ: ০২)
১৯) একটু ঢালু স্থানে হাজত সারা যাতে প্রস্রাবের ছিটা গায়ে না লাগে ৷ বিশেষ করে পানি যেখানে সাথে সাথে চুপসে যায় সেখানে করা ৷ (আবু দাউদ: ০৩; মিশকাত: ৩৪৫)
২০) প্রস্রাব করার সময় প্রস্রাব পড়ার স্থানে নজর রাখা যাতে প্রস্রাবের ছিটা থেকে সতর্ক থাকা যায় ৷ (আবু দাউদ: ০৩)
২১) গাছের গোড়ায় হাজত না সারা ৷ বিশেষ করে ফল গাছের নিচে ৷ (আবু দাউদ: ২৪; আল-ফিকহুল ইসলামী ১/৩১০)
২২) কোনো গর্তের মধ্যে প্রস্রাব না করা ৷ তাতে কীট-পতঙ্গ থাকতে পারে ৷ (আবু দাউদ: ২৭; শরহুস সুন্নাহ: ১/৫৬)
২৩) পস্রাবের ফোঁটা আসা বন্ধ হওয়ার জন্য আড়ালে সামান্য চলাফেরা করা ৷ (ইবনু মাজাহ: ৩২৬)
২৪) হাত ধৌত করা (সম্ভব হলে মাটিতে হাত ঘষে নেওয়া কিংবা সাবান ব্যবহার করা) ৷ (আবু দাউদ: ৪১)
২৫) রাস্তা অথবা কবরস্থানে প্রস্রাব-পায়খানা না করা ৷ (সহিহ মুসলিম: ৩৯৭; আল-ফিকহুল ইসলামী ১/৩০৮, ৩০৯)
২৬) এমন ছায়ায় বসে প্রস্রাব-পায়খানা করবে না, যেখানে মানুষ বসে কথা বলে ৷ (সহিহ মুসলিম: ৩৯৭; আবু দাউদ: ২৪)
২৭) আবদ্ধ কম পানিতে প্রস্রাব-পায়খানা করা মাকরুহে তাহরিমি । (সহিহ মুসলিম: ৪২৩; শরহুন নববী: ১/৪৫৪)
২৮) আবদ্ধ বেশি পানি অথবা প্রবাহমান পানিতে প্রস্রাব-পায়খানা করা মাকরুহে তানজিহি ৷ (সহিহ মুসলিম: ৪২৫; আল-বাহরুর রায়েক, ১/৩০১)
২৯) কূপ, নদী ও হাউসের অদূরে প্রস্রাব-পায়খানা করা মাকরুহ ৷ (আবু দাউদ: ২৪)
৩০) কোনো অপারগতা ছাড়া ডান হাতে ইস্তিনজা করা মাকরুহ ৷ (মুসনাদে আহমদ: ২৬৩২৬)
অতএব, প্রত্যেক মুসলিম নর-নারীর উচিত প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার সময় উল্লিখিত করণীয়সমূহ মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ উত্তমভাবে হাজত সেরে সঠিকভাবে পবিত্রতা অর্জন করা একান্ত অপরিহার্য ৷ এতে রয়েছে উভয় জাহানের কল্যান ৷ আল্লাহ বুঝার তৌফিক দান করুন ৷ আমিন!
লেখক: আবদুর রশীদ
Comments
Post a Comment