ছোট ছোট আমল: বৃহৎ পরিবর্তনের সূচনা

 "ছোট ছোট আমল: বৃহৎ পরিবর্তনের সূচনা"





নিম্নোক্ত ছোট ছোট আমলগুলো আমরা চাইলে অতি সহজেই করতে পারি ৷ রাসূল(স:)-এর সুন্নাহর অনুসরণ দিন দিন আমাদের চরিত্রকে সুন্দর করতে শুরু করবে ৷ প্রতিটি আমলের মধ্য থেকে মহান আল্লাহ তা'য়ালার নিকট কোন আমলটি বেশি পছন্দনীয় হয় তা আমরা জানিনা ৷ সুতরাং আমাদের উচিত আমল ছোট হোক কিংবা বড় হোক, বেশি হোক কিংবা অল্প হোক তা করার সর্বাত্মক চেষ্টা করা ৷ যদি ছোট ছোট আমল থেকে আমাদের পরিবর্তনের যাত্রা শুরু করি, বৃহৎ পরিবর্তনের দ্বার উন্মোচন হতে শুরু করবে, ইনশা'আল্লাহ ৷

১. আমাদের যেহেতু নিয়মিত কাপড় পরিধান করতে হয়, প্রথমে ডান হাত এবং ডান পায়ের ব্যবহার দিয়ে শুরু করতে তো পারি ৷ আগে বাম হাত ও বাম পা ব্যবহার না করলেও তো পারা যায় ৷
হাদীসে এসেছে, রাসূল(স:) জামা-পায়জামাসহ সকল প্রকার পোশাক পরিধানের সময় ডান হাত ও ডান পা আগে ব্যবহার করতেন ৷ (আবু দাউদ, হাদীস নং-৪১৪১)

২. আমাদের পায়ে যেহেতু নিয়মিত জুতা ব্যবহার করতে হয়, প্রথমে ডান পা দিয়ে পরিধান এবং জুতা খোলার সময় প্রথমে বাম পা দিয়ে শুরু করতে তো পারি ৷
হাদীসে এসেছে, রাসূল(স:) জুতা পরিধানের সময় ডান পা এবং জুতা খোলার সময় প্রথমে বাম পা ব্যবহার করতেন ৷ (সহীহ বুখারী, হাদীস নং-৫৮৫৫)

৩. আমাদের যেহেতু প্রায়ই থুথু ফেলতে হয়, পশ্চিম দিকে না ফেলে অন্য দিকেও তো ফেলা যায় ৷ এতে তো আমাদের আলাদা কষ্টের প্রয়োজন পড়ে না ৷
হাদীসে এসেছে, রসূল (স:) বলেন, কিবলার দিকে যে কফ্‌ ফেলে তার চেহারায় ঐ কফ্‌ থাকা অবস্থায় সে ব্যক্তিকে কিয়ামতের দিন পুনরুত্থিত করা হবে ৷ (সহীহ বুখারী-৪০৭, ৪১৫; সহীহ মুসলিম-১২৫৫, ১২৫৯; বাযযার-৫৯০৪; ইবনে খুযাইমাহ-৮৮০, ১৩১৩; ইবনে হিব্বান-১৬৩৮; সহীহ তারগীব-২৮২, ২৮৫)

৪. আমাদের যেহেতু নিয়মিত ঘুমাতে হয়, ডান কাত হয়ে শুইলে তো আর সমস্যা হয় না; বরং উপকারই হয়ে থাকে ৷ মেডিকেল সাইন্সও তাই বলে ৷
হাদীসে এসেছে, রাসূল(স:) যখন শয়ন করতেন তখন ডান কাত হয়ে শয়ন করতেন ৷ (সহীহ বুখারী-৬৩১১; সহীহ মুসলিম-২৭১৪)

৫. পানি যেহেতু আমাদের সবসময় পান করতে হয়, একটু বসে খেলে তো বেশি শ্রম ব্যয় করতে হয় না ৷ যেহেতু পান করবই, এক নিশ্বাসে না করে তিন নিশ্বাসেও তো পান করা যায় ৷ এতে শুধু উপকারই হয়ে থাকে ৷ মেডিকেল সাইন্স এর উপকারিতার তথ্য প্রদান করেছেন ৷
হাদীসে এসেছে, হযরত আনাস(রা) বলেছেন, রাসূল(স:) দাঁড়িয়ে পান করা থেকে নিষেধ করেছেন ৷ (সহীহ মুসিলম-৩৭৭২; জামে তিরমিযী-১৮০০)

৬. বাড়িতে এবং মসজিদে যেহেতু আমাদের সবসময় প্রবেশ করতে হয় এবং বের হতে হয়, ডান পা দিয়ে প্রবেশ এবং বাম পা দিয়ে বের হলে তো তেমন কঠিন হয় না ৷
হাদীসে এসেছে, রাসূল(স:) মসজিদে প্রবেশের সময় ডান পা ও বের হওয়ার সময় বাম পা ব্যবহার করতেন ৷ (হাকিম-১/২১৮; বাইহাকী-২/৪৪২)

৭. স্মার্ট ফোনে ফেইসবুক, ম্যাসেঞ্জার, টুইটার, ইউটিউব ইত্যাদি এ্যাপ্স দীর্ঘক্ষণ ব্যবহারে সময় ব্যয় করে থাকি ৷ কুরআন এ্যাপ্সে একটু সময় দিতেই তো পারি ৷

৮. আমরা যেহেতু নিয়মিত পথ দিয়ে চলাচল করে থাকি, পথের কষ্টদায়ক বস্তু দেখলে তা সরিয়ে দিতেও তো পারি ৷ একটু কষ্টের ফলে সবার জন্য কল্যাণই বয়ে আনে ৷
হাদীসে এসেছে, রাসূল(স:) রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন এবং তা ঈমানের সর্বনিম্ন শাখা হিসেবে উল্লেখ করেছেন ৷ (জামে তিরমিযী-১৯৫৬; সহীহ বুখারী-৬২২৯; সহীহ মুসলিম-৩৫)

৯. প্রকৃতির ডাকে সাড়া দিতে যেহেতু আমাদের শৌচাগারে যেতে হয়, প্রবেশের ক্ষেত্রে বাম পা এবং বাহির হতে ডান পা ব্যবহার করতে তো পারি ৷
হাদীসে এসেছে, রাসূল(স:) শৌচাগারে বাম পা দিয়ে প্রবেশ করতেন এবং ডান পা দিয়ে বাহির হতেন ৷ (আবু দাউদ, হাদিস নং-৩২)

১০. আমাদের যেহেতু নিয়মিত প্যান্টস(পায়জামা) পরিধান করতে হয়, টাখনুর উপর পরিধান করতেই তো পারি ৷ টাখনুর উপর পরিধান করতে তো তেমন অসুবিধা হয় না; বরং একটু নীচে পরিধান না করে সামান্য উপরে পরিধান করার মধ্যে স্বাস্থ্যের জন্য অনেক উপকার রয়েছে ৷ মেডিকেল সাইন্স তার প্রমাণ নিশ্চিত করেছেন ৷
হাদীসে এসেছে, রাসূল(স:) ইরশাদ করেছেন- যে ব্যক্তি টাখনুর নীচে ঝুলিয়ে কোন পোশাক পরিধান করবে, আল্লাহ তা‘আলা কিয়ামতের দিন তার প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না ৷
(সহীহ বুখারী-৫৭৮৪; আবু দাউদ-৪০৯৩, ৪১১৭; সহীহ ইবনে হিব্বান-৫৪৪৭)
অন্য বর্ণনায়, রাসূল(স:) বলেছেন, কাপড়ের যে অংশ টাখনুর নীচে যাবে, সে অংশ জাহান্নামে যাবে ৷

ছোট ছোট আমলের মধ্যে অনেক কল্যাণ নিহীত থাকে ৷ যদি এরূপ আমলগুলোর মাধ্যমে নিজেদের চরিত্র সুন্দর করতে চেষ্টা করি তাহলে আমাদের প্রধান প্রধান বিষয়গুলো অনুসরণ করা অভ্যাসে পরিণত হয়ে উঠবে ৷ ছোট্ট আমলের বিপরিতে ভালো কিছুর উপস্থিতি বিরাজমান ৷ হাদীসে এসেছে, রাসূল(স:) বলেন, আমি এক ব্যক্তিকে জান্নাতের গালিচায় গড়াগড়ি খেতে দেখলাম (অর্থাৎ শান্তি ও আরামের সাথে সুখময় জীবন কাটাচ্ছে) ৷ মানুষের চলাচলের পথে একটি গাছ ছিল, যার কারণে চলাচলে কষ্ট হচ্ছিল ৷ এ ব্যক্তি তা কেটে দিয়েছিল ৷ (ফলে আল্লাহ খুশি হয়ে তাকে জান্নাতে দাখিল করেন ৷ ) (সহীহ মুসলিম, হাদিস নং-১৯১৪)

অতএব, উপরোক্ত হাদীস থেকে বুঝা যায় যে, আল্লাহ তা'য়ালা চাইলে এই ছোট্ট আমলের মাধ্যমে আমাদের ক্ষমা করে দিতে পারেন এবং জান্নাতে বসবাসের সুযোগও করে দিতে পারেন ৷ মহান আল্লাহ তা'য়ালা আমাদের সঠিক বুঝার ও আমল করার তাওফিক দান করুক, আমিন ৷৷

লেখক: আবদুর রশীদ

Comments