দারিদ্রতা নয় হতাশা আর ভয়ের কারণ

 "দারিদ্রতা নয় হতাশা আর ভয়ের কারণ"




*দারিদ্রতার কারণ:
ধনাট্যতা এবং দারিদ্রতা পৃথিবীর এক লীলা খেলা ৷ এ ধরায় মহান আল্লাহ প্রদত্ত প্রাচুর্যপূর্ণ হয়ে কেউ আল্লাহর রাস্তায় সম্পদগুলো ব্যয় করে থাকে ৷ আবার কেউ অহংকারী হয়ে আল্লাহর বিরুদ্ধাচরণে লিপ্ত হয়ে পড়ে ৷ এটা একমাত্র আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য এক বিরাট পরীক্ষা ৷ ধনাট্যতা যেমন বড় পরীক্ষা তেমনি দারিদ্রতাও এক বিরাট পরীক্ষা ৷ মহান আল্লাহ্ তায়া'লা ইরশাদ করেন—

আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জান-মাল ও ফল-ফলাদির স্বল্পতার মাধ্যমে। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। (সূরা: আল-বাকারাহ: ১৫৫)

দারিদ্রতা যেহেতু একটি পরীক্ষা ৷ অবশ্যই ধৈর্যশীল হতে হবে ৷ জেনে রাখা উচিত যে, সচ্চলতা শুধু প্রাচুর্যতায় নয়; দারিদ্রতার মাঝেও বিদ্যমান যদি ধৈর্যশীল হও ৷ যারা দারিদ্রতার মাঝেও আল্লাহর উপর ভরসা রাখে এবং ধৈর্যধারণ করে তাদের উদ্দেশ্যে আল্লাহ্ বলেন—

যারা ধৈর্যধারণ করে কষ্ট ও দুর্দশায় এবং যুদ্ধের সময়ে । তারাই সত্যবাদী এবং তারাই মুত্তাকী ।
(সূরা: আল-বাকারাহ, আয়াত: ১৭৭)

*দারিদ্রতা কখনো হতাশার কারণ নয়:
আজ দেখা যায় দারিদ্রতায় নিপতিত ব্যক্তিদের চেহারা হতাশার জালে আবৃত ৷ আমরা যখন একটু অসচ্ছল হয়ে পড়ি তখন শয়তান আমাদের অন্তরে নানা প্রকার হতাশার কারণ তুলে ধরেন যেন আমরা আল্লাহর উপর থেকে নিরাশ হয়ে পড়ি ৷ আমরা বলে থাকি, যদি এটা আমার হত বা আমি যদি তাদের মত সম্পদশালী হতাম ! আল্লাহ্ কেন আমাকে দারিদ্রতায় পতিত করলেন(না'অযুবিল্লাহ্)? ইত্যাদি শুধু অহেতুক প্রশ্ন আর চাওয়া-পাওয়ার মাধ্যমে নিজেদেরকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে নিই ৷ অতচ আল্লাহ্ তা'য়ালা বলেন—

নাকি তোমরা ভেবেছ যে, তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ এখনো তোমাদের নিকট তাদের মত কিছু আসেনি, যারা তোমাদের পূর্বে বিগত হয়েছে। তাদেরকে স্পর্শ করেছিল কষ্ট ও দুর্দশা এবং তারা কম্পিত হয়েছিল। এমনকি রাসূল ও তার সাথি মুমিনগণ বলছিল, ‘কখন আল্লাহর সাহায্য (আসবে)’? জেনে রাখ, নিশ্চয় আল্লাহর সাহায্য নিকটবর্তী।
(সূরা: আল-বাকারাহ, আয়াত: ২১৪)

*দারিদ্রতায় শয়তানের কুমন্ত্রণা:
আল্লাহর পরীক্ষায় যখন পতিত হবেন দারিদ্রতার মাধ্যমে তখন শয়তান দারিদ্রতার বিভিন্ন প্রকার ভয় ও হতাশা চোখের সামনে তুলে ধরবে এবং নিরাশ করতে চাইবে আল্লাহর রহমত থেকে ৷ এ জন্য আমাদেরকে আল্লাহ্ উপদেশ দিয়ে বলেন—

শয়তান তোমাদেরকে দরিদ্রতার প্রতিশ্রুতি দেয় এবং অশ্লীল কাজের আদেশ করে । আর আল্লাহ তোমাদেরকে তার পক্ষ থেকে ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি দেন । আর আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ ।
(সূরা: আল-বাকারাহ, আয়াত: ২৬৮)

মনে রাখবেন, দারিদ্রতা একমাত্র আল্লাহ্ দিয়ে থাকেন এবং তিনিই প্রাচুর্যতা নিয়ে আসেন ৷ মহান আল্লাহ তা'য়ালা ইরশাদ করেন—
নিশ্চয় কষ্টের সাথেই রয়েছে সুখ । (সূরা: আল-ইন"শিরাহ: ৬)

*দারিদ্রতার ভয়ের কুফল:
পাশ্চাত্য ইহুদি সংস্কৃতি আজ আমাদের পরিবার, সমাজ ও দেশের মধ্যে সম্পূর্ণভাবে মিশে গেছে যার ফলে দারিদ্রতার ভয়ে আধুনিক জন্মনিয়ন্ত্রণের নামে ভূমিষ্ঠ হওয়ার পূর্বেই সন্তানদের দাফন দিয়ে দিচ্ছে ৷ এটা অত্যন্ত জঘন্য অপরাধ ৷ এর কারণ এতগুলো সন্তানের রিযিকের দায়িত্ব কিভাবে নেবে কিংবা সন্তাদের কি খাওয়াবে, কি পড়াবে ইত্যাদি নানা রকম হতাশা আর ভয়ের দরুন আধুনিক জন্মনিয়ন্ত্রণ নামে সন্তান হত্যায় গণহারে মানুষ নেমে পড়েছে ৷

মহান আল্লাহ্ তা'য়ালা বলেন—
দারিদ্রের কারণে তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না । আমিই তোমাদেরকে রিয্ক দেই এবং তাদেরকেও ।
(সূরা: আল-আন'আম, আয়াত: ১৫১)

সুতরাং, রিযিকের দায়িত্ব যেহেতু আমাদের হাতে নেই তাহলে আমাদের ভয় পাওয়ারও কোনো কারণ নেই ৷

*সমাজে দরিদ্রের অবস্থান:
সমাজের প্রতিটি স্তরে বাস করা দরিদ্র জন আজ অবহেলিত ৷ দরিদ্র হলেই যেন ধনীদের চোখের কাঁটা ৷ না আছে তাদের গুরুত্ব, না আছে মর্যাদা ৷ এটা এমন এক অভিশাপে পরিণত হয়েছে যে, দরিদ্র জন মাথা উঁচু করে একটু কথা বলবে সে সাহস খানিও পায় না ৷ ধনীরা দরিদ্রদের পরিণত করে রেখেছে পূজনীয় পাত্রে ৷ যখন দরিদ্রের কখনো কোনো হক্ব কিংবা অধিকার লঙ্গিত হয় তখন তারা একটু অধিকার দাবিতে কথা বললেই যতসব বিপদ তাদের উপর অর্পিত হওয়া শুরু করে যেন সমাজ কিংবা দেশের আবর্জনা ছাড়া তারা কিছুই নয় ৷ যখন রমজানে যাকাত দানের সময় উপস্থিত হয় তখন দরিদ্রদের হাসির খোরাকে পরিণত করে থাকে ৷ দরিদ্রদের নিকট যাকাত দানের নামে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে শাড়ি আর লুঙ্গি বিতরন করা ঠাট্টা-বিদ্রুপাত্মক আচরণেও লিপ্ত থাকে ৷ এই হলো সমাজে দরিদ্রের অবস্থান ৷ অধিকাংশ দরিদ্রই সমাজ কর্তৃক এবং রাষ্ট্র কর্তৃক অবহেলিত বর্তমান ৷

*দারিদ্রতা বিমোচনের উপায়:
দারিদ্রতা দূর করার উপায়স্বরূপ আল্লাহ্ তা'য়ালা যাকাত দানের হুকুম দিয়েছেন ৷ মহান আল্লাহ্ বলেন— আর তোমরা সালাত কায়েম কর, যাকাত প্রদান কর এবং রুকূকারীদের সাথে রুকূ কর। (সূরা: আল-বাকারাহ, আয়াত: ৪৩)

এমনকি দান-সদকা ইত্যাদি দারিদ্রতা বিমোচনেও আংশিক ভুমিকা পালন করে থাকে ৷ ধনীদের উচিত তাদের সঞ্চিত অর্থ সম্পদের পূর্ণ যাকাত বের করে দরিদ্রের মাঝে সঠিক উপায়ে বণ্ঠন করা এবং নিয়মিত দান-সদকা করা ৷ দরিদ্রের সাহায্যে এগিয়ে আশা, তাদের দেখাশুনা করা, তাদের অসুস্থতায় পাশে দাঁড়ানো, তাদের প্রয়োজনে সাড়া দেওয়া এবং তাদের সাথে উত্তম আচরণ করা আমাদের একান্ত অপরিহার্য ৷

আল্লাহ্ তা'য়ালা ইরশাদ করেন—
তোমরা ইবাদাত কর আল্লাহর, তাঁর সাথে কোন কিছুকে শরীক করো না । আর সদ্ব্যবহার কর মাতা-পিতার সাথে, নিকট আত্মীয়ের সাথে, ইয়াতীম, মিসকীন, নিকট আত্মীয়- প্রতিবেশী, অনাত্মীয়- প্রতিবেশী, পার্শ্ববর্তী সাথী, মুসাফির এবং তোমাদের মালিকানাভুক্ত দাস-দাসীদের সাথে । নিশ্চয় আল্লাহ পছন্দ করেন না তাদেরকে যারা দাম্ভিক, অহঙ্কারী ।
(সূরা: আন-নিসা, আয়াত: ৩৬)

তিনি আরো বলেন—
তোমরা যদি সদাকা প্রকাশ কর, তবে তা উত্তম । আর যদি তা গোপন কর এবং ফকীরদেরকে তা দাও, তাহলে তাও তোমাদের জন্য উত্তম এবং তিনি তোমাদের গুনাহসমূহ মুছে দেবেন । আর তোমরা যে আমল কর, আল্লাহ সে সম্পর্কে সম্যক অবহিত ।
(সূরা: আল-বাকারাহ, আয়াত:২৭১)

ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ওই ব্যক্তি মুমিন নয়, যে পেট পুরে খায় অথচ তার পাশের প্রতিবেশী না খেয়ে থাকে । (আদাবুল মুফরাদ, হাদিস : ১১২)

অতএব প্রতিবেশী যারা অভাবগ্রস্থ থাকবে আমাদের উচিত সর্বাবস্থায় বিভিন্ন উপায়ে তাদের সহায়তা করা ৷
এছাড়াও রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন কর্মসংস্থান বাড়ানোর মাধ্যমে, বিভিন্ন দান-অনুদানের মাধ্যমে এবং সুদ বিহীন ঋণ দেওয়ার মাধ্যমেও দারিদ্রতা দূরীকরণ সম্ভব হবে, ইনশা'আল্লাহ্ ৷

*দারিদ্রতায় করণীয়:
১. সর্বদা আল্লাহকে স্মরণ করা
২. আল্লাহর কাছে সাহায্য চাওয়া
৩. ধৈর্যধারণ করা
৪. সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করা
৫. তাওবা-ইস্তিগফার করা
৬. দারিদ্রতার মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন এই বিশ্বাস রাখা
৭. পাপ কাজ থেকে বিরত থাকা
৮. দারিদ্রতা কাটিয়ে উঠার চেষ্টা করা

পাপে ডুবন্ত থাকলেও, মারাত্বক বিপদে অবস্থান করলেও, দারিদ্রতার শিকার হলেও কিংবা যে অবস্থায় থাকুন না কেন হতাশ হওয়া যাবে না ৷ কারণ আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার কোনো হক্ব আমাদের নেই ৷

মহান আল্লাহ্ তা'য়ালা আমাদের উপদেশ দিয়ে বলেন— তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না ৷ (সূরা: আল-যুমার, আয়াত: ৫৩)

লেখক: আবদুর রশীদ

Comments